দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরের টোকন প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্সে একই সময়ে দুটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো প্রিয়াঙ্কা জুয়েলার্স ও তারা জুয়েলার্স।
সোমবার (৮ জুন) ভোরে শহরের মধুমিতা হলের সামনে অবস্থিত মার্কেটটির দুটি দোকানের তালা ভেঙে স্বর্ণ ও রৌপ্য চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন।
প্রিয়াঙ্কা জুয়েলার্সের মালিক নিমাই কর জানান, সকাল ৯টার দিকে একই মার্কেটের এক ব্যবসায়ী তাকে ফোন করে দ্রুত দোকানে আসতে বলেন। সেখানে গিয়ে তিনি দোকানের শাটারের তালা ভাঙা দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে দেখেন, প্রায় ৪ ভরি স্বর্ণ ও ৫৫ ভরি রৌপ্য চুরি হয়েছে। এতে তার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে, তারা জুয়েলার্সের মালিক দেবু বিশ্বাস জানান, তার দোকান থেকেও প্রায় ৩০ ভরি রৌপ্য চুরি হয়েছে। তিনি বলেন, একই সময়ে সংঘটিত এ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় একই সঙ্গে দুটি দোকানে চুরির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এমএস/